Ajker Patrika

চবি শিক্ষার্থীর ‘পরীক্ষাদাও এআই’, এক অ্যাপেই চাকরি ও ভর্তি প্রস্তুতি

ইউসুফ আরফাত, ফটিকছড়ি (চট্টগ্রাম)
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮: ৪৪
চবি শিক্ষার্থীর ‘পরীক্ষাদাও এআই’, এক অ্যাপেই চাকরি ও ভর্তি প্রস্তুতি
ফটিকছড়ির জালালের ‘পরীক্ষাদাও এআই’, এক অ্যাপেই চাকরি ও ভর্তি প্রস্তুতি। ছবি: সংগৃহীত

একটি স্মার্টফোনেই চাকরি ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি, মডেল টেস্ট, ফলাফল বিশ্লেষণ, এমনকি এআইয়ের কাছ থেকে ২৪ ঘণ্টা পরামর্শ নেওয়ার সুযোগ। পরীক্ষার্থীদের জন্য এমন প্রযুক্তিনির্ভর সুবিধা নিয়ে তৈরি হয়েছে ‘পরীক্ষাদাও এআই’ অ্যাপ। এর নির্মাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও ফটিকছড়ির তরুণ মো. জালাল উদ্দিন।

‘পরীক্ষাদাও এআই’ নামের অ্যান্ড্রয়েড অ্যাপটি ইতিমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। জালাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের আইয়ুবের নতুন বাড়ীর বাসিন্দা বদিউল আলমের ছেলে।

অ্যাপটির মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন পরীক্ষার্থীরা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্যও রয়েছে অনুশীলনের সুযোগ।

অ্যাপটিতে চাকরির বিজ্ঞপ্তি দেখা, সরাসরি আবেদন এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুবিধা রয়েছে। পাশাপাশি পরীক্ষার তারিখ, প্রবেশপত্র সংগ্রহসহ প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

ব্যবহারকারীরা বিভিন্ন মডেল টেস্টে অংশ নেওয়ার পাশাপাশি পরীক্ষার ফলাফল, পড়াশোনার সময় ও অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। নিজের পছন্দ অনুযায়ী প্রশ্ন, সময় ও কঠিনতার মাত্রা নির্ধারণ করে অনুশীলনী পরীক্ষাও তৈরি করা যাবে।

অ্যাপটির অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ২৪ ঘণ্টার সহায়তা। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে প্রশ্নের ব্যাখ্যা ও পড়াশোনা-সংক্রান্ত পরামর্শ পাবেন। এ ছাড়া শিক্ষার্থীদের দুর্বল বিষয় ও কঠিন প্রশ্ন চিহ্নিত করে প্রস্তুতির মানোন্নয়নে সহায়তা করবে এআই সুবিধাটি।

এ ছাড়া ধারাবাহিক প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে নিজের দক্ষতা যাচাই এবং সহপাঠীদের সঙ্গে ছবি, ফাইল ও কণ্ঠ বার্তা আদান-প্রদানের সুযোগ রয়েছে অ্যাপটিতে।

নির্মাতা মো. জালাল উদ্দিন বলেন, ‘বর্তমানে অ্যাপটির বেশ কিছু সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে আরও নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ অফার হিসেবে অ্যাপটি ১৫ মাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।’

ইতিমধ্যে নিবন্ধন করা ব্যবহারকারীরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে বিনা মূল্যে ব্যবহারের এ সুবিধাটা পাবেন। নতুন ব্যবহারকারীরা নির্ধারিত প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত আমন্ত্রণ লিংকের মাধ্যমে নতুন ব্যবহারকারী নিবন্ধন করলে আমন্ত্রণকারীও অতিরিক্ত বিনা মূল্যে ব্যবহারের মেয়াদ পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফটিকছড়ির একজন তরুণ শিক্ষার্থীর এমন উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তরুণদের এ ধরনের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর কাজে আরও এগিয়ে আসা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত