Ajker Patrika

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
নিহত সুরুজ জামান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মহানগরীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ জামান (৩৫) ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন সুরুজ জামান। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তাঁর গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত