ব্যবসায়ীকে কুপিয়ে গ্রেপ্তার যুবক, বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রামের রাউজানে ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর জখমের ঘটনায় সাব্বির হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর বসতবাড়ি থেকে দুটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার, সাতটি কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মণ্ডলের ঘাটা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমিন মার্কেটের মা স্টোরে মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাব্বির। জমি নিয়ে বিরোধ এবং ফেসবুকে সাব্বিরের পুরোনো ছবি প্রকাশ করে তাঁকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়াকে কেন্দ্র করে মুরাদের ভাই মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ চলছিল।
ঘটনার দিন মানিকের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে মানিক সেখান থেকে পালিয়ে যান। পরে মুরাদের ওপর হামলা চালান সাব্বির।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, হামলার পর মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারের সময় সাব্বিরের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়ায় তাঁর বসতবাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের অভিযানে বাড়ির রান্নাঘরের সানশেডের ওপর একটি বস্তা থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।
রাউজান থানায় এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।









