Ajker Patrika

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৯: ১৫
চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে
ডেভিড ইমন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়ার জোড়া খুন ও বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে বাকলিয়া থানার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের পৃথক দুটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, রিমান্ড শুনানির জন্য আজ দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন ও বায়েজিদ বোস্তামী থানার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাকলিয়ার জোড়া খুনের ঘটনাটি ঘটে গত বছরের ৩০ মার্চ রাতে। ওই দিন নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন। আহত হন আরও দুজন।

হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ডেভিড ইমনকে আসামি করা হয়। মামলাটিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়া এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলিতে খুন হন সরোয়ার হোসেন বাবলা। এ ঘটনায় তাঁর বাবা আবদুল কাদের বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। ওই সাতজনের মধ্যে ডেভিড ইমনও রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়।

গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাঁকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ডেভিড ইমনের বিরুদ্ধে বর্তমানে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত