বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

চট্টগ্রামের পটিয়া উপজেলার বোর্ড অফিস এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন প্রবাসী নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম মোহাম্মদ ফারেস (২০)। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাহাজী পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহরগামী ঈগল বাস ও চট্টগ্রাম শহর থেকে আসা মোটরসাইকেলটি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক ফারেস। নিহত ফারেস সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মোটরসাইকেল আরোহী একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এবং অপরজন মারাত্মক আহত। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। উভয়ের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানতে পেরেছি।’
পটিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বাসের চালক পলাতক। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









