
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। কিন্তু তাঁর শিক্ষাগত সনদ নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। পাশাপাশি তিনি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামিও।
জানতে গিয়ে দেখা গেছে, সভাপতি হতে তিনি সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগ থেকে ২০০৩ সালে স্নাতক পাসের সনদ জমা দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এমন নামে কখনো কোনো বিভাগ ছিল না।
সাউদার্ন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’’ নামে কোনো বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না, এখনো নেই। কেউ এই নামে সনদ ব্যবহার করলে তা নিশ্চিতভাবে জাল।’
তথ্যমতে, গত ২৪ মার্চ চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে কমিটির সদস্যসচিব। অন্য দুই সদস্য শিক্ষক প্রতিনিধি আলিম উদ্দিন ও অভিভাবক প্রতিনিধি মো. ইউছুপ মিয়া চৌধুরী।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘জাল সনদ বা ফৌজদারি মামলার বিষয়টি আমাদের জানার সুযোগ থাকে না। তবে অভিযোগের সত্যতা পেলে নিয়োগ বাতিল করা হবে।’
শিক্ষা বোর্ড সূত্র জানায়, সভাপতি হতে মোহাম্মদ আলী আবেদন করার পর তাঁর শিক্ষাগত সনদ যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হয়। পরে সেটি শিক্ষা বোর্ডে পৌঁছে।
মাদক মামলার বিষয়েও রয়েছে গুরুতর অভিযোগ। চট্টগ্রাম আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ অক্টোবর বোয়ালখালী থেকে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় মোহাম্মদ আলী চার্জশিটভুক্ত আসামি। ২০২২ সালের ২২ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হন। মামলাটি এখনো বিচারাধীন।
এ বিষয়ে মোহাম্মদ আলী বলেন, ‘সনদের ছবিটা পুরোনো ফাইল ঘেঁটে দিয়ে দিয়েছি। মামলাগুলোও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে একটি নয়, ১৭টি মামলা আছে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবীর চৌধুরী বলেন, ‘বিদ্যালয় কমিটির সভাপতির সনদ যদি জাল হয়, তা হলে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিবেশ নিয়ে আমরা কী আশা করতে পারি? আর একজন মাদক মামলার আসামি শিক্ষার্থীদের সামনে কী বার্তা দেবে?’
গত বছরের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি হতে হলে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। মোহাম্মদ আলী আবেদনপত্রে দাখিল, আলিম ও স্নাতক সনদ জমা দেন। সেখানে তিনি সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগ থেকে স্নাতক পাস করার কথা উল্লেখ করেন।

রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের একদিন পর মাহাদি রহমান নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে খিলক্ষেত থানার জামতলা এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
৭ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
৮ ঘণ্টা আগে