
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ঝোড়ো বাতাসের কারণে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১০ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসেছেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে একটি ছোট নৌকা নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর বেলপাড়া এলাকার উদ্দেশে ছেড়ে যায়। মাঝপদ্মায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোমিন শরীফের ভাষ্য, নৌকাটিতে ১১ জন যাত্রী ছিলেন। নৌকাডুবির পর তাঁদের মধ্যে ১০ জনকে বিএসএফ উদ্ধার করে ভারতের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ওয়াসিম নামে একজন সাঁতরে দেশে ফিরে বর্তমানে বাখের আলী বিজিবি ক্যাম্পে রয়েছেন।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাখের আলী থেকে একটি নৌকা ডুবে ১১ জন নিখোঁজের খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে ১০ জনকে ভারতের বিএসএফ উদ্ধার করেছে। তাঁদের দেশে ফেরাতে রাতে পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’
নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোমিন শরীফ বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে বাখের আলী থেকে নৌকায় করে ১১ জন বেলপাড়ার বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। মাঝনদীতে ঝোড়ো বাতাসের মধ্যে নৌকাটি ডুবে যায়। পরে ১০ জনকে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়। আর ওয়াসিম নামে একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসেছে।’
আলীনগর ঘাটের ইজারাদার আবুল কালাম দাবি করেন, নৌকাডুবির ঘটনায় ১১ জনই জীবিত উদ্ধার হয়েছেন। এ ঘটনায় বর্তমানে কেউ নিখোঁজ নেই।
অন্যদিকে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, এক আত্মীয়ের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা বাখের আলী ঘাট থেকে নৌকায় করে জোহুরপুর-বেলপাড়া এলাকার বাড়ির উদ্দেশে রওনা হন। নৌকাটিতে ১২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে বিএসএফ উদ্ধার করেছে, একজন বিজিবি ক্যাম্পে আছে। অন্য এক বয়স্ক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

পরিবারের দাবি, ঘটনার সময় হৃদয় স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পেছন থেকে একটি রাইডার গ্রুপ এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য দাওয়াত দিয়ে এনে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্ত বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা-পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সর্তা নদীর আন্ধারমানিক ও তুলাতলি এলাকায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও প্রায় দুই হাজার ফুট পাইপ নষ্ট করার পাশাপাশি জব্দ করা হয়েছে নদীর তীরে মজুত রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু।
৩৬ মিনিট আগে
কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তাঁর বড় ভাই দুবাইপ্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (৪)।
৪০ মিনিট আগে