Ajker Patrika

আ.লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩১
আ.লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খান
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান। ছবি সংগৃহীত

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে এবং এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান।

আজ শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান এবং সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, গতকাল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ গুলশানে ঝটিকা মিছিল করেছে। সেই মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী অংশ নিয়েছে। আমি আগেই বলেছি, আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে। এর দায় অবশ্যই জামায়াতকে নিতে হবে।

রাশেদ খান আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে সেই ৯৬ সালের মতো আওয়ামী লীগ এবং জামায়াত যুগপৎভাবে আন্দোলন করে এই সরকারকে ব্যর্থ করার একটি ব্যর্থ চেষ্টা হাতে নিয়েছে। দেখেন, জামায়াতের আমির গণ-অভ্যুত্থানের পরপর এক মাসও শেষ হয়নি, সেই সময় ঘোষণা দিয়েছিল যে, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। জামায়াতের নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, যাঁরা এত দিন আওয়ামী লীগ করেছেন, এখন যদি জামায়াত করেন, আপনাদের সকল দায়-দায়িত্ব আমরা নেব।’

রাশেদ খান বলেন, তার মানে এই যে, এখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মিছিল করছে, অবশ্যই জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের মিছিল তারা করার সাহস পায় না।

প্রশাসন ও পুলিশ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘দেখেন, আমরা ১৬ বছর দেখেছি আমাদের প্রশাসনকে, আমাদের পুলিশকে কীভাবে দলীয়করণ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রশাসনিক ব্যবস্থার পুরোপুরি এখনো পরিবর্তন করা হয়নি। তবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে, কীভাবে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তন করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত