Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, সদর ও নাচোল উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, একজন অজ্ঞাতপরিচয় নারী এবং এক তরুণ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে পাকা রাস্তার ধার থেকে বাবুল হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বাবুল হোসেন টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে। স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ভোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ২৩ আগস্ট সন্ধ্যা থেকে ২৪ আগস্ট রাতের মধ্যে কোনো এক সময় বাবুলের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকাল আনুমানিক ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য দেশের বিভিন্ন থানায় তাঁর ছবি পাঠানো হয়েছে।

একই দিনে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড়সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদার (১৯) মৃত্যু হয়েছে। তিনি টকটকিয়া মসনাপাড়া গ্রামের বাজুর হাসদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে একটি স্থানে কাজ করার সময় বাঁশ কাটছিলেন সোহেল। এ সময় কাটা বাঁশ পাশের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত