চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল কারিগর’ দুই ভাই গ্রেপ্তার, উদ্ধার গানপাউডার ও ৫ ককটেল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে গানপাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ককটেল তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বড় ভাই জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম গ্রামের দানেশ ঘোষের ছেলে মো. জুয়েল (৩০) ও তাঁর ছোট ভাই মো. নাইম (২৩)।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গানপাউডার ও ককটেল মজুতের তথ্য দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গানপাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়। তারা দুই ভাই ককটেল তৈরি করতেন।
ককটেল তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরে উপজেলার বারঘরিয়া বাজার এলাকা থেকে জুয়েলের ছোট ভাই নাইমকেও গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।








