ছাত্রদলের শোভাযাত্রায় ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ সন্দেহে আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে জেলা ছাত্রদল।
আজ বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে দুই ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক ব্যক্তিরা হলেন মো. শামীম ও মো. রাব্বি। তাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম অভি। তবে ছাত্রলীগে তাঁদের কোনো পদ-পদবি রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ফজলে আজিম অভি বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় শিবগঞ্জ পৌর বাজার এলাকায় ছাত্রলীগের দুই নেতা সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছেন। দুজনকে থানায় আটক রাখা হয়েছে।’









