
বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত বর্জনের ঘোষণা দেন।
যে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে তারা হলেন—চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সহকারী জজ শম্পা ইসলাম।
সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, ‘এসব বিচারকের সঙ্গে আইনজীবীদের সমন্বয়হীনতা দীর্ঘদিনের। বিষয়গুলো নিয়ে আইনজীবী সমিতির নেতারা তাঁদের মৌখিকভাবে অবহিত করলেও সমস্যার সমাধান হয়নি। বরং নিজেদের মতো করে বিচারকার্য পরিচালনার কারণে আইনজীবীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এ কারণে সমিতি আদালত বর্জনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।’
অ্যাডভোকেট শামছুল ইসলাম আরও বলেন, শুধু তিনটি আদালত নয়, আরও কয়েকটি আদালত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের সঙ্গে ‘শিক্ষক-ছাত্রের মতো’ আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতেও আইনজীবীদের হয়রানির শিকার হতে হয় বলেও তিনি অভিযোগ করেন।
এসব সমস্যা সমাধানে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের সঙ্গে বসে আলোচনা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান বার সভাপতি। একই সঙ্গে আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী সাত দিন কোর্ট পুলিশ পরিদর্শকের দপ্তর থেকে মামলার কপির জন্য কোনো অর্থ দেওয়া হবে না। আদালতের পেশকারসহ সংশ্লিষ্টদের বিভিন্ন আচরণে আইনজীবীরা দীর্ঘদিন ধরে অসম্মানিত হয়ে আসছেন বলেও সভায় অভিযোগ করা হয়।
অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, ‘স্থানীয়ভাবে সমস্যার সমাধান না হলে লিখিতভাবে সব সমস্যা তুলে ধরে বার কাউন্সিলকে অবহিত করা হবে। পাশাপাশি সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো আইনজীবী বা তাঁদের সহকারী কাজ করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ, জিপি এজে এম রফিকুল হাসান রিপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি কোহিনুর বেগম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, সেলিম আকবর, আহছান হাবীব, একিউএম মোস্তফা কামাল, আবুল খায়ের মো. সালেহ, সাবেক পিপি আমান উল্যাহ (১) ও মো. জসিম মেহেদী।
এ ছাড়া আইনজীবীদের মধ্যে জাকির হোসেন, তাফাজ্জল হোসেন, মহসিন খান, সলিম উল্যাহ সেলিম, বাপ্পি, আলম খান মঞ্জু, আব্দুল লতিফ শেখ, শাহ আলম ফরাজী, নাইমুল ইসলাম, আক্তার সরকার, কামাল উদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা, গাজী দুলাল ও সাদ্দাম হোসেন বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, বিচারপ্রার্থীদের সেবা দিতে গিয়ে আইনজীবীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরে তারা ক্ষোভ প্রকাশ করেন। তবে বিচারকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই পেশাগত দায়িত্ব পালন করতে চান বলেও জানান আইনজীবীরা।
এদিকে তিন বিচারকের আদালত বর্জনের ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি লিখিত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সন্ধ্যায় বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল থেকেই বিভিন্ন মামলার প্রয়োজনে আসা বিচারপ্রার্থীরা বিচার কক্ষের সামনে অপেক্ষা করছেন। দুপুরের পরে আদালতের বিচারকেরা বিচারিক কার্যক্রম শুরু করলেও আইনজীবীদের অনুপস্থিতির কারণে অনেক মামলার শুনানি পিছিয়ে গেছে এবং নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জামিন আবেদনে সভাপতি-সেক্রেটারি ও পিপিকে পূর্বেই অবগত করানোর বিষয়কে উপজীব্য করে এবং সিনিয়র সিভিল জজ আদালতের একটি নিষেধাজ্ঞা শুনানিতে আইনজীবী নেতাদের বেআইনি আবদার রক্ষা না করায় আজ তাঁরা তিনটি কোর্ট বর্জন করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মূলত আদালতের ওপর প্রভাব বিস্তার করতে না পেরেই আইনজীবী নেতারা মূল ঘটনাকে আড়াল করতে এই বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
৭ মিনিট আগে
ভোলার মেঘনা নদীর ভাঙনকবলিত অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
১১ মিনিট আগে
চট্টগ্রামে হালিশহরে ছোটপুল ব্রিকফিল্ড এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর নগরের হালিশহর থানাধীন হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
জনগণের মধ্যে আশা ও সম্ভাবনা জাগিয়ে তুলতে এবং গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।
১৮ মিনিট আগে