Ajker Patrika

চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৬, ১৯: ৩১
চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
আব্দুল্লাহ রাহাত। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের পুরান বাজারে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে পুরান বাজার পাঁচ নম্বর ঘাট তফাদার রাইস মিল এলাকার নদী থেকে নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় দুই যুবক তার মরদেহ উদ্ধার করেন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ রাহাত (১১) মালয়েশিয়াপ্রবাসী হুমায়ূন পাটোয়ারীর মেজ ছেলে। সে পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মধুসূদন স্কুলমাঠের পাশে মানিক লস্করের বাড়ির ভাড়াটিয়া হিসেবে মা ও তিন ভাইসহ ওই বাসায় বাস করত।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাঠে ফুটবল খেলে বাড়ির অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নদীতে যায় রাহাত। সাঁতার না জানায় রাহাত গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় মামুনসহ আরও কয়েক যুবক নদীতে নেমে খোঁজাখুঁজি করে রাহাতকে উদ্ধার করেন। এর আগে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নদীতে নামে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনেরা মরদেহ দাফনের জন্য নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত