
বাগেরহাটের সুন্দরবন অংশে কোস্ট গার্ড ও বনদস্যুদের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ সংঘটিত হয়েছে বলে জানা গেছে। কোস্ট গার্ড জানিয়েছে, অভিযান চলাকালে ‘দুলাভাই বাহিনীর’ সদস্যরা তাদের ওপর গুলি ছুড়লে আত্মরক্ষার্থে তারাও গুলি চালাতে বাধ্য হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্যও জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে তিনজনের মধ্যে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কয়রা উপজেলার সুন্দরবন-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি হলেন সওকত সরদার (৬০)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজাহার আলীর ছেলে। এ ছাড়া গুলিবিদ্ধ রবিউল ইসলাম একই এলাকার মৃত মানিক গাজীর ছেলে এবং ইসরাফিল হাওলাদার সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আটালি বাগালি গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, কোস্ট গার্ড শুক্রবার ভোরে দুই দফায় গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে সওকত নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়। অপর গুলিবিদ্ধ রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেজাউল ইসলাম আরও বলেন, পরে দুপুরের দিকে ইসরাফিল নামের আরও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তাঁর ডান হাতের আঙুলে গুলি ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কোন কোন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গোলাগুলি ও তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য উল্লেখ করা হলেও নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা জেলার কয়রা থানার বনপাড়া-সংলগ্ন সুন্দরবনের গহিনে বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত এক বিশেষ অভিযানে ডাকাত দল ‘দুলাভাই বাহিনীর’ সদস্যদের সঙ্গে রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। বোটে অবস্থানরত ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে অতর্কিত গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। চলমান এই অভিযানে এখন পর্যন্ত গুলিবিদ্ধ তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক ডাকাতদের আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের অভ্যন্তরে ও নিকটবর্তী লোকালয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে, তাই স্থানীয় সকলকে সতর্ক থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তার আহ্বানও জানান তিনি।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে