
চাঁদপুরের সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে শহরের মুনিরা ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ২২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সদর ও হাইমচর উপজেলার ৫৭১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এর পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।
শেখ ফরিদ আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। লেখাপড়ার ক্ষেত্রে চাঁদপুরকে ‘ওয়ান স্টপ সার্ভিস’ হিসেবে গড়ে তোলা হবে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা ছাড়া প্রায় সব ধরনের শিক্ষার সুযোগ চাঁদপুরে রয়েছে। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরানবাজার ডিগ্রি কলেজ, হাইমচর কলেজসহ জেলার সব কলেজের শিক্ষার মান আরও উন্নত ও সমমানের করার উদ্যোগ নেওয়া হবে।
শেখ ফরিদ আহমেদ আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সরকার ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’ করেছে। ইতিমধ্যে চাঁদপুর মেডিকেল কলেজের আটটি ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান চান, তোমরা দেশ পরিবর্তনে অংশ নেবে এবং সুন্দর চাঁদপুর বিনির্মাণে ভূমিকা রাখবে। আগামীতে বিসিএস কর্মকর্তা ও চিকিৎসকসহ বিভিন্ন পেশায় চাঁদপুরের সন্তানেরা নেতৃত্ব দেবে। তবে ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে।’
শেখ ফরিদ আহমেদ বলেন, আগামী দুই-তিন বছরের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও ভূমিদস্যুদের চাঁদপুরে কোনো জায়গা দেওয়া হবে না।
শেখ ফরিদ আহমেদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম ধাপে ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে। কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ করা যাবে না। সুন্দর চাঁদপুর বিনির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করতে পারলে তোমরা নিজেদের লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছাতে পারবে।
আহসান পারভেজ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রাইভেট পড়ার অজুহাতে ক্লাস বর্জন করা যাবে না। মোবাইল ফোন শিক্ষা-সংক্রান্ত কাজে সীমাবদ্ধ রাখা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় দিলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।
শিক্ষকদের উদ্দেশে আহসান পারভেজ বলেন, একজন শিক্ষক স্বপ্নদ্রষ্টা। শিক্ষকদের নিজেদের মেধা ও দক্ষতা বাড়াতে হবে। একজন শিক্ষককে স্মার্ট শিক্ষক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে ক্লাস নিলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব।
চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, চান্দ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক এ টি এম মোস্তফা হামিদী, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম এবং হাইমচর বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন জোছনা আক্তার মমতাজ, রতন কুমার বাইন ও রাশেদুল ইসলাম।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন ইসলাম, চাঁদপুর ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের তাজবীর হান্নান, নীলকমল মাদ্রাসার ফারিহা এবং হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মেহজাবিন ইসলাম।
আলোচনা শেষে সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
১ মিনিট আগে
গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে...
৮ মিনিট আগে
পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
২৪ মিনিট আগে