Ajker Patrika

মহাসড়কে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবি, জেলা ছাত্রদলের সাবেক নেতা আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৪
মহাসড়কে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবি, জেলা ছাত্রদলের সাবেক নেতা আটক
আটক হেলার মহলদার। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বাহুবল উপজেলার মিরপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার।

‎আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে। অপর আটক ব্যক্তি বেলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে সরকারিভাবে অনুষ্ঠিত নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকযোগে নিয়ে যাচ্ছিলেন মো. ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তি। ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় পৌঁছালে সাবেক ছাত্রদল নেতা হেলাল ট্রাকটি আটক করেন। পরে ট্রাকটি একটি পেট্রল পাম্পের পেছনে আটকে রেখে ওবায়দুল্লাহর কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল ও তাঁর সহযোগীরা।

ঘটনাটি ওবায়দুল্লাহ বাহুবল থানায় জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহলদার ও তাঁর সহযোগী বেলালকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী নামক এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

ওসি মো. রুহুল আমিন তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত