
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়ার পর পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ায় আলোচনায় আসা গাছটি অবশেষে কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। গাছটিকে কেন্দ্র করে কুসংস্কার, অলৌকিকতার প্রচার এবং মাজারসদৃশ পরিবেশ তৈরির অভিযোগ ওঠার পর প্রশাসন এই উদ্যোগ নেয়।
শুক্রবার (৫ জুন) দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি কেটে ফেলা হয়। গাছটির মালিক একই গ্রামের প্রবাসী মো. রুহুল আমিন মুন্সি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কালবৈশাখীতে গ্রামের একটি পুকুরপাড়ে থাকা গাছটি শিকড়সহ উপড়ে পড়ে। পরে গাছটির ডালপালা ও ওপরের অংশ কেটে ফেলা হয়। প্রায় ১০ দিন আগে আরেক দফা ঝড়ের পর ডালপালাবিহীন গাছের অবশিষ্ট কাণ্ডটি আবার অনেকটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
একপর্যায়ে গাছটিকে ‘অলৌকিক’ ঘটনা কিংবা ‘জিনের কাজ’ বলে প্রচার শুরু হয়। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে ভিড় করতে থাকে। কেউ কেউ মানত করেন, আগরবাতি ও মোমবাতি জ্বালান, এমনকি গাছের শিকড় ও বাকল সংগ্রহ করে নিয়ে যান। পরে গাছের নিচে লাল কাপড় বাঁধা হয় এবং স্থানটিকে মাজারসদৃশ রূপ দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে।
তবে স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ঘটনাটির পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। ঝড়ে উপড়ে পড়ার সময় শিকড়ের সঙ্গে বিপুল পরিমাণ মাটি উঠে আসে। পরে ডালপালা ও ওপরের অংশ কেটে ফেলায় গাছটির ভরকেন্দ্র পরিবর্তিত হয়। ফলে শিকড় ও মাটির ভারসাম্যের কারণে কাণ্ডটি আবার অনেকটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়।
স্থানীয় কাঠুরিয়া মো. আমিন মিয়া বলেন, ‘গাছটি ঝড়ে শিকড়সহ উপড়ে পড়েছিল। পরে ডালপালা কেটে দেওয়ায় ভারসাম্যের পরিবর্তন ঘটে এবং সেটি আবার দাঁড়িয়ে যায়। এতে অলৌকিক কোনো বিষয় নেই।’
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. নান্নু মিয়া বলেন, ‘গাছটির প্রায় ৮০ শতাংশ কাটা ছিল। মাথার অংশ অপসারণ করায় ওপরের ওজন কমে যায়, আর গোড়ার অংশ ভারী থাকায় এটি পুনরায় সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হয়।’
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘গাছটি ঘিরে মানুষের ব্যাপক সমাগম হচ্ছিল এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। গাছের মালিকের অনুমতি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এটি অপসারণ করা হয়েছে।’
কফিল উদ্দিন আরও বলেন, গাছের মালিক জানিয়েছেন, গাছ বিক্রি করে পাওয়া অর্থ স্থানীয় কোনো মসজিদ বা মাদ্রাসায় অনুদান হিসেবে দেওয়া হবে।

বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তিরিগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার প্রকাশ্য সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাইজভান্ডার দরবার শরিফসংলগ্ন একটি বিশ্রামাগারে হওয়া এ সভার ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে রাতে অভিযান চালিয়ে জড়িত কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শুক্রবার সকালে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী সৈকতের ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ ও সচেতনতা কার্যক্রমে অংশ নেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বেলা সাড়ে ৩টায় ফের যানবাহন পারাপার শুরু হয়। জেলা প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।
১ ঘণ্টা আগে