Ajker Patrika

শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাইফুল ইসলাম (৪৮) ও মো. বয়জাল হোসেন (৪৮)। সাইফুল ইসলাম কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং বয়জাল হোসেন গাড়ীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, মামলার প্রাথমিক তদন্তে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনকে আজ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত