
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে।
অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত রয়েছেন।
ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার যুবদল নেতা-কর্মীরা হলেন বগুড়া শহর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), তাঁর সহযোগী শাহিন হোসেন (৩৪) ও আশরাফুল ইসলাম (৪২)।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ১৩ ডিসেম্বর সঞ্জয় সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
তবে পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতা সঞ্জয় সরকার দাবি করেছেন, তাঁকে এক মাস আগে বহিষ্কার করা হয়নি। পুলিশ গ্রেপ্তারের পর পেছনের তারিখ দিয়ে বহিষ্কার দেখানো হতে পারে।
উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী আনজুমান আরা জানান, তাঁর স্বামী ১২ জানুয়ারি সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ি এলাকায় চলমান ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করে দুপুরের খাবার খেতে মোটরসাইকেলে কালিতলা গ্রোয়েন বাঁধের দিকে যাচ্ছিলেন। বেলা ১টার দিকে চার যুবক দুটি মোটরসাইকেলযোগে এসে জাহাঙ্গীর আলম বিপ্লবের পথরোধ করেন। এরপর ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে বগুড়া শহরে একটি জায়গায় আটকে রাখা হয়। অপহরণকারীরা পাঁচ লাখ টাকা দাবি করেছেন। টাকা না দিলে তাঁরা মেরে ফেলবেন বলে হুমকি দেন। তাঁদের অনুরোধ করে আড়াই লাখ টাকা দিতে চেয়েছিলেন আনজুমান আরা।
আঞ্জুমান আরা বলেন, ‘অপহরণকারীরা শহরের চেলোপাড়া মধুবন সিনেমা হলের সামনে আমার স্বামীকে মোটরসাইকেলযোগে নিয়ে এসে আমাকে দেখায়। এরপর আমি তাদের হাতে ১ লাখ ৬০ হাজার টাকা দিই। কিন্তু তারা আমার স্বামীকে ছেড়ে না দিয়ে মোটরসাইকেলসহ অন্যদিকে চলে যায় এবং আরও টাকা দাবি করতে থাকে। পরে বিকেল ৫টার দিকে সাবগ্রাম এলাকায় অপহরণকারীদের হাতে আরও ৫০ হাজার টাকা দিলে তারা আমার স্বামীকে ছেড়ে দেয়।’
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বলেন, এ ঘটনায় প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী বাদী হয়ে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা অপহরণকারী উল্লেখ করে সারিয়াকান্দি থানায় মামলা করেন। ডিবি পুলিশ মামলাটি তদন্তকালে বিভিন্ন এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গ্রেপ্তার তিনজনসহ ছয়জনকে শনাক্ত করে।
গতকাল রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ২ লাখ ১০ হাজার টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে অপহৃত প্রকৌশলী গ্রেপ্তার তিনজনকে দেখে শনাক্ত করেন।
ডিবি পুলিশের ইনচার্জ জানান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবকে অপহরণের সঙ্গে ছয়জন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে চারজন নিজেদের ডিবি পুলিশ ও অপর দুজন সাংবাদিক পরিচয় দেন। জড়িত অপর তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
২ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে