Ajker Patrika

হাসপাতালে ৩ মাসের অসুস্থ শিশুকে ফেলে উধাও নারী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
হাসপাতালে ৩ মাসের অসুস্থ শিশুকে ফেলে উধাও নারী
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক অসুস্থ মেয়েশিশুকে ফেলে রেখে পালিয়ে গেছেন অজ্ঞাতনামা এক নারী। ওই শিশুকে বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এক নারী অসুস্থ শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। শিশুটিকে হাসপাতালের মেঝেতে অন্য এক রোগীর পাশে শুইয়ে রেখে তিনি কোনো এক সময় চলে যান। পরে শিশুটিকে কাঁদতে দেখে অন্য রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি টের পায়। এরপর হাসপাতালজুড়ে খোঁজাখুঁজি করেও ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আল মামুন বলেন, শিশুটির খিঁচুনি হচ্ছে। তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন।

সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন বলেন, শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘শিশুটির খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। তার চিকিৎসা চলছে। সমাজসেবা কর্মকর্তাকে শিশুটির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির পরিবারের সন্ধানেও কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ৫ হত্যা: মরদেহগুলোর ওপর ছিল লিখিত অভিযোগ, যা লেখা আছে

গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক অভিযুক্ত

গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত, বাংলাদেশের আকাশে কি তারই ঝলকানি

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত