
প্রায় ছয় মাস আগে নদীতে নিখোঁজ হন মিজান (৩২)। সেই দিনের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় তাঁর পরিবারকে। দীর্ঘ খোঁজাখুঁজির পরও মিজানের কোনো সন্ধান মেলেনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের আশা ক্ষীণ হয়ে আসছে, বেড়েছে দুঃখ-কষ্ট।
মিজান ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নান্নু মোল্লার ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী রোজিনা ও তিন মেয়ে ফাতেমা, আয়েশা ও বিবি পাবিয়ার সংসার চলত তাঁর আয়ে। জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে যেতেন তিনি। ঘটনার দিন প্রতিদিনের মতো সকালে বের হলেও আর ফিরে আসেননি।
মিজানের নিখোঁজ হওয়ার পর পরিবারটি চরম অর্থকষ্টে পড়েছে। কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় ধারদেনা করে দিন পার করছেন তাঁর স্ত্রী। কখনো আত্মীয়স্বজন, কখনো প্রতিবেশীদের সহায়তায় খাবারের ব্যবস্থা হচ্ছে। তবে এই সহায়তাও নিয়মিত নয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, এখনো তাঁরা সরকারি কোনো সহায়তা পাননি। তাঁদের দাবি, আর্থিক সহায়তা বা পুনর্বাসনের ব্যবস্থা করা হলে নতুন করে বাঁচার আশা পেতেন তাঁরা। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক কিছু সহায়তা দেওয়া হয়েছে, তবে তা দীর্ঘমেয়াদি নয়।
মিজানের স্ত্রী রোজিনা বলেন, ‘স্বামী হারানোর পর তিন সন্তান নিয়ে খুব কষ্টে আছি। মানুষের সহযোগিতার ওপর নির্ভর করে কোনোভাবে সংসার চলছে। এখনো সরকারিভাবে কোনো সহায়তা পাইনি। বড় মেয়ে ফাতেমার বয়স ১৩ বছর। ও বড় হচ্ছে, আর আমার দুশ্চিন্তাও বাড়ছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, মিজান সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুরুতে অনেকেই পরিবারটির পাশে দাঁড়ালেও সময়ের সঙ্গে সেই সহায়তা কমে গেছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন বলেন, পরিবারটির খোঁজ নিয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে সহায়তার ব্যবস্থা করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিখোঁজ জেলের নামে জেলে কার্ড থাকলে তাঁর পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে