
ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণকাজকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝি, মো. হালিম মিঝি ও মো. করিম মিঝি।
আজ বুধবার সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৯ মার্চ জেলার বিচ্ছিন্ন ও দুর্গম উপজেলা মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন বেড়িবাঁধ এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই দিন রাতে তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনায় নিহত ব্যক্তির ভাই ২০ মার্চ মনপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার চার দিন পর রোববার বেলা সাড়ে ৩টায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। ঘটনায় দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখসহ আরও ৫০০ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা হয়েছে।
১৮ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে আদনান মাতুব্বর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র তথ্য দিয়েছে, আর সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
২১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি নৌকার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে মেঘনা নদীর তীরে আয়োজিত এ নিলামে নৌকাগুলো ৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয়েছে ৯ লাখ ৪৫ হাজার টাকা।
২৭ মিনিট আগে