
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ জুলাইয়ের রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এ বিতর্কের মীমাংসা হবে না; একইভাবে ’৭১-এর গণহত্যার প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে বিতর্ক চলবে। বিএনপি এই বিতর্ক চালিয়ে যাবে সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে। এর বাইরে তা যেতে দেবে না, এ বিষয়ে আপস করা হবে না।
আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনো দিন ফিরে আসে, সে যদি দাবি করে যে—২৪-এর জুলাই গণহত্যার কথা বলা যাবে না; তার গা থেকে, তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না।
একই প্রসঙ্গে জামায়াতের অতীত ভূমিকা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ১১ জোটের প্রধান দল হিসেবে জামায়াতে ইসলামীসহ তাদের সব সহকর্মীকে মনে রাখতে হবে যে, তাঁরা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন... এমনকি তাঁরা এই মুহূর্ত পর্যন্ত বক্তৃতায় অনেকেই বলেছেন, তাঁরা শরিয়াহ আইন কায়েম করতে চান।
বিরোধীদলীয় নেতার প্রতি ইঙ্গিত করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিরোধী দলের আসনে এমন একজন ব্যক্তি আছেন, কারাগারে যাঁর সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে, আমার জানামতে, তিনি ইসলামী ছাত্রসংঘ বা এ রকম একটা প্রচলিত ছাত্রসংগঠনের প্রোডাকশন হিসেবে জামায়াতে ইসলামীর রাজনীতিতে আসেননি। তিনি তাঁর নিজস্ব চিন্তা থেকেই জামায়াতে ইসলামীকে দেখেন এবং নেতৃত্ব দেন।’
জামায়াতসহ ১১ দলীয় জোটের নির্বাচনী ফল নিয়ে মন্ত্রী বলেন, ‘জামায়াত বাংলাদেশে স্বতন্ত্রভাবে যতবার নির্বাচন করেছে, ততবারই পাঁচ শতাংশের মধ্যেই তার ভোট সীমাবদ্ধ ছিল। এবারের নির্বাচনে তার ভোটের পরিসংখ্যান পরিবর্তন হয়েছে। এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে ভোটের পরিসংখ্যান থেকে শুরু করে আমরা যদি এই সংসদের চিত্র দেখি এবং পালিয়ে থাকা ফ্যাসিবাদের সমর্থক ভোটারদের মধ্যে যাঁরা বিরাজ করেন, তাঁরা এবার কোথায় ভোট দিয়েছেন, আমরা জানি না।’
জামায়াতসহ ১১ দলীয় জোটের এবারের নির্বাচনের জাদুকরী সংখ্যা গবেষণার দাবি রাখে বলে মন্তব্য করেন মন্ত্রী।
একটি কঠিন সংকটে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আজকে এই সংসদে যখন প্রবেশ করেছি, তখন এমন একটা বাংলাদেশকে নিয়ে প্রবেশ করেছি, যেখানে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণ এই দেশের ঘাড়ে চেপে আছে।’
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থমন্ত্রী এ বিষয়ে কাজ করছেন এবং এক মাসের মধ্যে ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করা হবে।
রাজনৈতিক আচরণের উৎস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা জানি, যেকোনো আচার-আচরণের উৎস থাকে তার রাজনৈতিক দলের ইতিহাসে, তার ঐতিহ্যের মধ্যে।’
রাজনীতিতে আদর্শগত সংকটের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যখন কেউ পবিত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, যখন কেউ স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করতে চায়...তখন সেই সমস্ত রাজনৈতিক দল ও নেতা-কর্মীদের এ ধরনের আচার-আচরণে সমস্যা হতে বাধ্য।

আইজিপির বক্তব্যের আগে ৯টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করা হয়। সেগুলো হলো এআই-বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট...
৪২ মিনিট আগে
‘এই নির্বাচনের পরে আমরা জামায়াত এত খারাপ হয়ে গেলাম যে—এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই; তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই; আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি...
২ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদারণ চুল্লিতে জ্বালানি শলাকা স্থাপন শুরুর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো পরমাণু বিদ্যুতের আলোকচ্ছটা দেখার ক্ষণ গণনা শুরু হয়েছে। প্রায় ৯ বছরের নির্মাণকাজ শেষে সংবেদনশীল পরমাণু জ্বালানি স্থাপনের এই প্রক্রিয়াকে নির্মাণ পর্ব থেকে উৎপাদন পর্বের রূপান্তর হিসেবে অভিহিত...
২ ঘণ্টা আগে
বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতেই মারা গেছেন তিনজন। পটুয়াখালী ও জামালপুরে দুজন করে মারা গেছেন। এ ছাড়া বাগেরহাট, গাজীপুর, রংপুর ও রাজবাড়ীতে মারা গেছেন একজন করে।
২ ঘণ্টা আগে