
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে বিএনপি সরকার প্রথম নকলমুক্ত পরীক্ষার সংস্কৃতি গড়ে তোলে। বর্তমান সরকারও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল শিক্ষা বোর্ড মতবিনিময় সভার আয়োজন করে।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের (শিক্ষক) সদিচ্ছা দরকার।’ তিনি নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি রাজনীতিবিদ, প্রশাসন ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
ড. মিলন বলেন, ‘শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে হবে। আগামী দিনে শিক্ষাব্যবস্থা হবে পেনলেস ও পেপারলেস। এমন শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীরা যেন তাল মিলিয়ে নিতে পারে, সে জন্য এখন থেকে আমাদের চেষ্টা করতে হবে।’
শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি চালু করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র অ্যাক্ট প্রণয়ন করেন।
বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ ধারাবাহিকভাবে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক প্রমুখ।
এদিকে আজ মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি করপোরেশনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমি পরীক্ষায় নকল ব্যবস্থার দাফন দিয়েছি। চল্লিশা করে মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছি। এখন নকলের মডেল পরিবর্তন হয়েছে। নকলের কালার চেঞ্জ হয়েছে। এখন আমারও কালার চেঞ্জ করতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এখন কাগজে নকল হয় না। এআই দিয়ে নকল করা হয়। আইন দিয়ে নতুনভাবে আসা নকলপ্রথা বন্ধ করা হবে। পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধ করা হবে এবং পাবলিক পরীক্ষার সংজ্ঞায়ও পরিবর্তন আনা হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা নয়, চাকরি, ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাও এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে কেউ নকল করে পার পেয়ে যেতে পারবে না।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি বিভাগে একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
৩৭ মিনিট আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
১ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
১ ঘণ্টা আগে