
‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’—এমন হৃদয়স্পর্শী বাক্য লিখে চার বছরের কন্যাসন্তানের নিরাপত্তার স্বার্থে বৈধভাবে একটি শটগান বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা একটি আবেদনের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আবেদনটি করেছেন বরগুনার আমতলী উপজেলার এক বাবা। তাঁর আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও মানবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া আবেদনটির আবেদনকারী মাসুদুল ইসলাম বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো তাঁর আবেদনে দেশে শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে নিজের কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আবেদনে মাসুদুল ইসলাম উল্লেখ করেন, কয়েক বছর ধরে শিশুদের প্রতি বর্বরতার চিত্র ও তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে তিনি তাঁর সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বাভাবিক জীবন পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। তিনি আরও লেখেন, ‘বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম—সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে মহামান্যদের উপভোগ্য ক্ষমতার মহামূল্যবান সময় নষ্ট করে নিজেকে কলুষিত করব না।’
মাসুদুল ইসলামের ভাষ্য, তিনি কোনো অবৈধ অস্ত্র নয়, বরং আইনি প্রক্রিয়ায় একটি শটগান নিজের নামে বরাদ্দ চান, যাতে প্রয়োজনে নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
তবে এ ব্যাপারে বিভিন্ন মাধ্যমে আবেদনকারীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, এটি কেবল একটি অস্ত্রের আবেদন নয়, বরং একজন অসহায় বাবার ভেতরের ভয়, হতাশা ও রাষ্ট্রের প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনপত্রটি ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে বর্তমান সামাজিক বাস্তবতার প্রতীক হিসেবে উল্লেখ করছেন।
বরগুনা সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোতোষ রায় বলেন, একজন বাবা যখন নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে এতটা আতঙ্কিত হয়ে অস্ত্র চেয়ে আবেদন করেন, তখন বুঝতে হবে, সমাজে ভয় কতটা বেড়েছে। বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত।
মানবাধিকারকর্মী আরিফুর রহমান বলেন, এ ধরনের আবেদন সমাজের অসুস্থ পরিস্থিতির একটি প্রতিফলন। মানুষ এখন বিচার ও নিরাপত্তাব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে। এটি রাষ্ট্রের জন্যও একটি সতর্কবার্তা।
পাথরঘাটার সংবাদকর্মী ও সমাজ বিশ্লেষক শফিকুল ইসলাম খোকন বলেন, দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। একজন বাবার এই আবেদন সেই উদ্বেগেরই আবেগঘন ও ব্যতিক্রমী প্রকাশ, যা নতুন করে জননিরাপত্তা ও শিশুর সুরক্ষার প্রশ্ন সামনে নিয়ে এসেছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

একসময় ইলিশসহ নানা প্রজাতির মাছের নিরাপদ আবাস হিসেবে পরিচিত ছিল বরগুনার বলেশ্বর, পায়রা ও বিষখালী নদী। কিন্তু এখন নিয়ন্ত্রণহীন প্লাস্টিকদূষণের ভয়াবহ থাবায় বিপর্যস্ত তিন নদ-নদী। জেলা শহর থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলো থেকে প্রতিদিন পলিথিন, থার্মোকল, কর্কশিটসহ বিভিন্ন প্লাস্টিক...
১ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে করলাচাষিরা এবার চরম লোকসানের মুখে পড়েছেন। তাঁরা বলছেন, মাঠভরা করলা, কিন্তু বাজারে ন্যায্য দাম মিলছে না। হতাশ কৃষকেরা ফলন্ত গাছ কেটে ফেলছেন, আবার কেউ বিক্রি না হওয়া করলা হাট-বাজার ও রাস্তার পাশে ফেলে দিয়ে বাড়ি ফিরছেন।
২ ঘণ্টা আগে
টানা বর্ষণের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঁধের সড়কের বেশ কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। এতে অন্তত ৩০ হাজার বাসিন্দা নতুন করে পানিবন্দী হওয়ার ঝুঁকির মুখে পড়েছেন।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
২ ঘণ্টা আগে