
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জেলে আহত ও দুজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। জেলে ও ট্রলারমালিকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
নিখোঁজ জেলেরা হলেন চরদুয়ানী ইউনিয়নের আজিজ বয়াতির ছেলে মো. হিরু বয়াতি ও বেলায়েত গাজীর ছেলে জসিম গাজী। ঘটনার সময় প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান অপর ট্রলারের জেলেরা।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেলা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মনির আকনের এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। ঠিক এমন সময় অপর একটি ট্রলার জালে পেঁচিয়ে যায়। এ নিয়ে এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেদের অপর ট্রলারের জেলেদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন অপর ট্রলারের (নামবিহীন) লোকজন আরও দুটি ট্রলার ডেকে এনে মনির আকনের ট্রলারের জেলেদের ওপর হামলা করেন। এতে চার জেলে আহত হন ও দুজন ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মাছ ধরার সময় মনির আকনের মালিকানা ট্রলারের জেলেদের জালে অপর ট্রলারের প্যাঁচানো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিনটি ট্রলারের জেলেরা মনির আকনের ট্রলারে হামলা করেন। এতে চারজন আহত হন এবং দুজন নিখোঁজ হন। আহত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ দুই জেলের সন্ধান মেলেনি।
ট্রলারের মালিক ও মাঝি মনির আকন বলেন, ‘আমরা গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি মুন্না নামের একটি ট্রলার আমাদের জালের ওপর উঠে যায়। বাধা দিলে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।’
মনির আরও বলেন, ‘আমরা ট্রলার সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যে আরও তিনটি ট্রলার আমাদের ঘিরে ফেলে। পরে এলোপাতাড়ি মারধর করে।’ মনিরের অভিযোগ, হামলাকারীরা ট্রলার থেকে চার-পাঁচ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। শুধু তা-ই নয়, তারা ট্রলারের জালও কেটে নিয়ে যায়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত জেলেদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঝুঁকিমুক্ত।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেলা বলেন, ‘সাগরে জেলেদের মারামারির ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
১ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
১ ঘণ্টা আগে