Ajker Patrika

জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর ধরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯: ৫৪
জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর ধরা
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাজেদুল ইসলাম মঞ্জু পূর্ব চিলা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০১১ সালে নারায়ণগঞ্জের ফতুল্লায় খোকন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলার আসামি তিনি। ওই মামলায় দুই বছর কারাভোগের পর ২০১৩ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর গ্রামের বাড়িতে ফিরে আসেন। তবে পরবর্তী সময়ে তিনি আর আদালতে হাজির হননি।

২০১৪ সালে তাঁর অনুপস্থিতিতে নারায়ণগঞ্জের জজ আদালত মামলার রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।

আমতলী থানা-পুলিশের একটি দল আজ দুপুরে তাঁকে গ্রেপ্তার করে। পরে বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মঞ্জুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের বিচারকের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত