
ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। আজ বুধবার বিকেল থেকে ভারী বর্ষণের সঙ্গে সাঙ্গু নদের পানি বৃদ্ধি পেয়ে থানচি বাজার, বাগানপাড়া, নতুন ব্রিজ পাড়া, হিন্দুপাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কসহ নদতীরবর্তী একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে।
আজ বিকেলে প্রবল বৃষ্টির মধ্যেই উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। তিনি ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেন। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর জন্য শুকনা খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, বাগানপাড়ার একটি কালভার্ট, রবার্টপাড়া ও টিমংপাড়ার দুটি সেতু এবং হেডম্যানপাড়ার একটি সেতুসহ কয়েকটি সেতু পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া রুমা বাজার থেকে সদরঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, গত শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তাঁর ইউনিয়নের নদতীরবর্তী ফসলি জমি ও ছড়ার তীরবর্তী খামার পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে আমন ধান ও বিভিন্ন ধরনের শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে প্রবল স্রোতের কারণে রেমাক্রী খাল, সোনা খাল, তিন্দু ঝিরি ও পর্দ্দা খালের পানিও বৃদ্ধি পেয়েছে। এতে থানচি উপজেলার সঙ্গে রেমাক্রী ও তিন্দু এই দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে ওই সব এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সাঙ্গু নদীর পানি আরও বাড়লে থানচি, বলীপাড়া বাজারসহ নদতীরবর্তী বিভিন্ন পাড়া ও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে