Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে ঝড়ের কবলে পড়ে রাবারশ্রমিকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ্যংছড়িতে ঝড়ের কবলে পড়ে রাবারশ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবারবাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে ফাঁড়ি পার হওয়ার সময় এক রাবারশ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ মোস্তাক আহমদ (৬০)। বাড়ি স্থানীয় তুফান আলীপাড়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরাম উল্লাহ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মোস্তাক একজন শ্রমজীবী। তিনি রাবারবাগানের শ্রমিক। প্রতিদিনের ন্যায় তিনি সকাল ৬টার দিকে বাগানে কাজ করতে বাড়ি থেকে বের হন। কাজ শেষে বাড়ি ফেরেন বেলা ৩টার দিকে।

আজ বাড়ি ফেরার সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল পার হওয়ার সময় খালের মাঝখানে পৌঁছালে বজ্রপাতে তিনি পানিতে পড়ে মারা যান। তাঁর লাশ স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খালের পাড়ে তুলে রাখেন। পরে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে লাশ নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর দুটি কারণ বলে ধারণা করা হয়। প্রথমত ঢলের পানিতে পা ফসকে গিয়ে, দ্বিতীয়ত বজ্রপাতে। তাঁর বিষয়ে অপমৃত্যু মামলা হচ্ছে। তবে অন্য কোনো কারণ তাঁরা দেখছেন না। কারণ, তিনি নিতান্ত গরিব ও দিনমজুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত