
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয় কর্তব্য পালনে বাধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড মডেল থানার ভেতরে গাড়ি রাখা নিয়ে পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামের ওপর চড়াও হন যুবদল নেতা ইসমাইল হোসেন। এতে পুলিশ সদস্য শফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পর ইসমাইল হোসেনকে থানায় আটকে রাখা হয়। ঘটনার পরপরই বিএনপির নেতা-কর্মীরা থানায় জড়ো হন। পরে উপস্থিত নেতা-কর্মীদের সামনে ভুল স্বীকার করার পর আটকের চার ঘণ্টা পর মুচলেকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনার পর আটক যুবদল নেতা উপস্থিত নেতা-কর্মীদের সামনে তাঁর ভুল স্বীকার করেন। পরে তাঁকে নেতা-কর্মীদের উপস্থিতিতে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ চৌধুরী ইসমাইল হোসেনকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুঃসময়ে দলের জন্য ইসমাইল হোসেনের অনেক অবদান রয়েছে। কিন্তু তাই বলে উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ড করলে তার দায়ভার দল বহন করবে না। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম নগরের সিআরবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
৫ মিনিট আগে
এই স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিগুলো অনেক বছর ধরে পড়ে রয়েছে, এগুলো মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহার হয়। এর আগে সাড়ে পাঁচ মাস আগে একই জায়গায় ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল...
১৯ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। খোকন এর আগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
২৬ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে দোকানি ইব্রাহিম খলিলের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবক সুমন মিয়াকে (৩০) কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৮ মিনিট আগে