দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে গোলাপ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর বাবা মোখলেছার রহমান গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মণ্ডল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মোখলেছার রহমান ও তাঁর বড় ছেলে গোলাপ হোসেন ধানের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে বাবা-ছেলে দুজনই আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মোখলেছার রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মণ্ডল বলেন, সকালে ভাটপাইল নয়াপাড়া গ্রামের ধানের জমিতে কাজ করার সময় মোখলেছার রহমান ও তাঁর ছেলে গোলাপ হোসেন বজ্রপাতে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর গোলাপের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়কে জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।

টানা ভারী বর্ষণে রেললাইনের ওপরে পানি উঠে পড়া এবং কয়েক জায়গায় গাছ পড়ে লাইন অবরুদ্ধ হওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল।
১ মিনিট আগে
ভোলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। লালমোহন উপজেলা ও সদর উপজেলায় এই অভিযান হয়।
১৮ মিনিট আগে
ভুয়া বিল দেখিয়ে সরকারের ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএমপির হিসাব শাখায় কর্মরত থাকাকালে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
২২ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের মামলায় হেলাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষায় জন্ম নেওয়া শিশুর জৈবিক পিতা হিসেবে হেলালের পরিচয় প্রমাণিত হয়েছে।
২৪ মিনিট আগে