Ajker Patrika

জনগণের টাকায় মহাসড়কে পার্ক করা প্রতারণা: বিসিসি প্রশাসক শিরীন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জনগণের টাকায় মহাসড়কে পার্ক করা প্রতারণা: বিসিসি প্রশাসক শিরীন
সভায় উপস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, ‘জনগণের টাকায় মহাসড়কে পার্ক করা ছিল প্রতারণা। ৭ কোটি টাকায় পার্ক করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন মেয়র। বরিশালকে বাঁচাতে এ ধরনের পরিবেশবিরোধী কাজ যাতে আর না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্জ্যকে কী করে সম্পদে পরিণত করা যায়, তা নিয়ে সিটি করপোরেশন কাজ করছে। এই লক্ষ্যে কোরিয়ান কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হতে যাচ্ছে।’

আজ বুধবার (১০ জুন) বিকেলে বরিশাল সিটি করপোরেশনে নাগরিক ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।

বরিশালের পরিবেশ-প্রতিবেশের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের সভাপতি মহিউদ্দিন আহমেদ বীর প্রতীক সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভার আয়োজন করে বরিশালের পরিবেশ-প্রতিবেশের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ। স্বাগত বক্তব্য দেন বেলার সমন্বয়ক লিংকন বায়েন।

বাপার বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম মূল প্রবন্ধে উল্লেখ করেন, বরিশাল নগরের বর্জ্য ব্যবস্থাপনা বিজ্ঞানসম্মত ও আধুনিক নয়। নগরের বর্জ্য রাস্তায় পড়ে থাকছে। প্রায় দেড় শ উন্মুক্ত পয়েন্টে বর্জ্য ফেলা হয়। নগরের আটটি শিল্পকারখানা লাল তালিকাভুক্ত। অপসোনিনের বর্জ্যের পানি নদীতে পড়ছে।

সভায় বক্তারা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রকল্প গ্রহণের তাগিদ দিয়ে বলেন, ‘এখনই নগরে ৫ লাখ জনসাধারণ। ২৫ বছর পর কী হবে, সেই চিন্তা নিয়ে আমাদের এগোতে হবে।’ বর্ধিত এলাকার উন্নয়নে কাজ করারও আহ্বান জানান নগরের বাসিন্দারা।

মতবিনিময় সভায় বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পারভেজ খান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত