
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার আটজন এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষাবর্ষ রক্ষা পেয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপে তাদের প্রবেশপত্র প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে দ্রুত প্রবেশপত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রথম পরীক্ষায় অংশ নিতে না পারলেও অবশিষ্ট সব পরীক্ষায় অংশ নিতে পারবে তারা।
আজ শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুদুর রহমান। তিনি জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। তারা আগামীকাল শনিবার (৪ জুলাই) থেকে পরীক্ষায় অংশ নেবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে দ্রুত তা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। তারা অবশিষ্ট পরীক্ষাগুলোয় অংশ নিতে পারবে। প্রথম পরীক্ষার বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলো ইসরাত জাহান সূচি, সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল ইসলাম, তানভীর হোসেন, শিমুল আলী, সাব্বির হোসেন ও শাওন। শিক্ষা বোর্ডের এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এসব শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় সার্ভার জটিলতায় পড়ে। পরে গত ১২ মার্চ বিলম্ব ফিসহ ফরম পূরণের জন্য কলেজে গেলে অফিস সহকারী অমিত কুমার সরকার প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা নেন। তিনি ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা সম্পন্ন করেননি।
ভুক্তভোগী শিক্ষার্থী ইসরাত জাহান সূচি বলে, ‘টাকা নেওয়ার পর দীর্ঘদিন নানা অজুহাতে আমাদের অপেক্ষা করানো হয়। শেষ পর্যন্ত ১ জুলাই জানতে পারি, আমাদের কারও ফরমই পূরণ করা হয়নি।’
আরেক শিক্ষার্থী আকিবুল ইসলাম বলেন, ‘বিভিন্ন অজুহাতে আমাদের আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার দিন প্রবেশপত্র না থাকায় প্রথম পরীক্ষায় অংশ নিতে পারিনি।’
ইসরাত জাহান সূচির বাবা ইমামুল হক বলেন, ‘একজন কর্মচারীর অবহেলায় আটজন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছিল। শিক্ষা বোর্ড দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
অভিযোগের বিষয়ে অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ফরম পূরণের চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হইনি। এ জন্য আমি দুঃখিত। শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।’ তবে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কীভাবে এই দায়িত্ব নিয়েছিলেন, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুদুর রহমান বলেন, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অফিস সহকারী অমিত কুমার সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিবির কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যেসব স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে সেখানকার থানা–পুলিশ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করবে। ডিবি পুলিশের পক্ষ থেকেও লোক থাকবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন, না ঘটে সে বিষয়ে নজরদারি করা হবে...
৪ মিনিট আগে
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালক কাজল মিয়ার (৪২) মরদেহ রাস্তার পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলোতে ২০২৫ সাল থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া
১৮ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে রিমি বেগম (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি।
১ ঘণ্টা আগে