Ajker Patrika

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের ৪ কর্মী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের ৪ কর্মী
চকবাজারের ছোট কাটারায় ইউসুফ খান প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পর উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় ইউসুফ খান প্লাজা মার্কেটের আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস। তবে আগুন নির্বাপণের কাজ চলছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন। তাঁরা হলেন— পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

এর আগে ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ করলেও পরে আগুন ছড়িয়ে পড়ায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মনজুর খান প্লাজার দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দোকান ও পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য মজুত করা হয়। অধিকাংশ গোডাউনই মালামালে পরিপূর্ণ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে প্রথমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পর দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বেরিয়ে যান। অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ মালামাল থাকায় আগুনের তীব্রতাও বাড়তে থাকে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত