Ajker Patrika

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ করেছেন তাঁরা।

জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তমরদ্দি ইউনিয়নের বলিরপোল এবং চরকিং ইউনিয়নের চরবগুলা এলাকার তিন শতাধিক পরিবারের মধ্যে বিস্কুট, চিড়া, মুড়ি, টোস্ট ও অন্যান্য শুকনা খাবার বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে এখনো জলাবদ্ধতা রয়েছে। নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী রয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি ফিরেছে দুর্গত পরিবারগুলোতে।

খাদ্য সহায়তা পাওয়া উপকারভোগীরা জানান, কয়েক দিন ধরে বাড়ির চারপাশে পানি জমে থাকায় স্বাভাবিক জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। অনেকের ঘরে রান্না করার সুযোগ নেই। শুকনা খাবার পেয়ে উপকৃত হয়েছেন তাঁরা।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, ‘দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের পরামর্শে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে শুকনা খাবার পৌঁছে দিচ্ছি। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না, রান্নাও করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত