Ajker Patrika

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৭: ০২
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের হানা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে জলদস্যুদের বিরুদ্ধে। এ ঘটনায় ট্রলারের অন্তত ১২ জেলে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আজ বুধবার ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়। তাঁদের মধ্যে গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০) কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর তিনজন কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ট্রলারটির মালিক ইব্রাহিম বলেন, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে ‘এফবি মিম’ ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার এসে তাঁদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল ট্রলারে উঠে জেলেদের মারধর করে এবং প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল নৌ পুলিশের কার্যপরিধির বাইরে। তবু আহত জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত