Ajker Patrika

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, যশোর, কুড়িগ্রাম ও ফেনী প্রতিনিধিহালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ফরিদপুর প্রতিনিধিনারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২২: ৪১
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ও কেন্দ্রীয়-স্থানীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম ও ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা এনসিপি। আজ বুধবার আয়োজিত এসব কর্মসূচি থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজ বিকেল ৫টায় কুড়িগ্রামে কলেজ মোড়ের বিজয় স্তম্ভ থেকে জেলা এনসিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, যুবশক্তির সদস্যসচিব তারিকুজ্জামান তমাল এবং ছাত্রশক্তির সদস্যসচিব সাদিকুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। ছাত্রদল-যুবদলকে লেলিয়ে দিয়ে তারেক রহমানের সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুড়িগ্রামের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্যসচিব মেরিনা পারভীন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব দিনার মিনহাজ, সদর উপজেলার সদস্যসচিব আব্দুল মালেক, জেলা ছাত্রশক্তির মুখপাত্র খন্দকার আল ইমরান এবং স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ফেনীতে একই ঘটনায় আজ বিকেলে জেলা এনসিপি বিক্ষোভ সমাবেশ করে। এর আগে শহরের প্রেস ক্লাবের সামনে থেকে দলটির নেতা-কর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি খেজুর চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

ফেনীর সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা যুবশক্তির সদস্যসচিব জাহিদ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন এবং প্রিন্স মাহমুদ আজিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভয়ভীতি ও সহিংসতা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, হবিগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ডাকা প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সড়কে বালুবাহী ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এসব ঘটনার নিন্দা জানিয়ে তাঁরা রাজনৈতিক কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘আগে এমন বর্বরোচিত হামলা চালাতেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ধরনের হামলা ফ্যাসিবাদের পরিচয় বহন করে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

ফেনীর কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক পারভেজ আহমেদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজিব, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) ওমর ফারুক, যুগ্ম সদস্যসচিব বদরুদ্দোজা নোবেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

হালুয়াঘাট (ময়মনসিংহ)

ময়মনসিংহের হালুয়াঘাটে বুধবার রাত ৮টায় উপজেলার জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে হালুয়াঘাট উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত হৃদয়, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আশিকুল ইসলাম আশিক, যুব শক্তির আহ্বায়ক শাকুয়াত হোসেন সুমন এবং সদস্য সচিব রেজাউল করিমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

হালুয়াঘাটের সমাবেশে বক্তারা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে ‘বর্বরোচিত হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।

ফরিদপুরে জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত ‘জুলাই ৩৬’ মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। পরে শহরের বিবি রোডে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলে যুক্ত হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন।

মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে সমাপনী বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “আজকে এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রবেশ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার প্রশাসন ন্যক্কারজনকভাবে ১৪৪ ধারা জারি করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, অতীতে যে একদলীয় কাঠামোর সরকার আমরা দেখেছি, তা জনগণ গ্রহণ করেনি। আপনারা যদি আবারও সেই একদলীয় গণতন্ত্রের দিকে যেতে চান, তাহলে জনগণ আপনাদের আগের মতোই প্রতিহত করবে।”

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা অন্তত হাসিনা নন। হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী। হাসিনা অনেক বড় ফ্যাসিস্ট ও সন্ত্রাসী ছিল। তারা যেহেতু পালাতে বাধ্য হয়েছিল। কেউ যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতা পেয়ে গেছে, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে।’

নারায়ণগঞ্জের সমাবেশে আরও বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার ও মহানগর আহ্বায়ক শওকত আলী প্রমুখ।

ফরিদপুর

এনসিপি জেলা শাখার আয়োজনে আজ বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত ‘জুলাই ৩৬’ মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় এনসিপির জেলা শাখার সদস্য সচিব সাইফ খান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. বাইজিদ আহমেদ শাহেদ, ছাত্রশক্তির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা। এ সময় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত