Ajker Patrika

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
লালমনিরহাটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাবিবর রহমানকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিনকে (৪৬) কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হবিবর রহমান ওরফে গোদা (৪০)। তিনি পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা উফারমারা প্রধানপাড়া গ্রামের মো. আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকায় বাজার থেকে ফিরছিলেন আফাজ উদ্দিন। এ সময় ওৎপেতে থাকা হাবিবর রহমান ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন তাঁকে। পরে স্থানীয়রা আফাজকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আফাজ উদ্দিনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান আলী বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির উপস্থিতিতে আদালত আজ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন সন্তোষ জানান, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত