কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিহত হয়েছেন।
আজ রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা চাপারতলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কর্মস্থল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম। পথিমধ্যে কাকিনা চাপারতল ফিলিং স্টেশনে পৌঁছালে বুড়িমারী থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা জানান, ঘটনাস্থলে কর্মকর্তা পাঠানো হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।









