Ajker Patrika

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৮: ১৯
অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার ৩ জন। ছবি: ডিএমপি

রাজধানীতে অটোরিকশাচালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) এবং মো. লিটন (৫০)।

পুলিশ জানায়, গত ২৮ জুন রাতে খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন ভোরে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকায় অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে ওয়ারী থানা-পুলিশের একটি দল। পরে গত মঙ্গলবার রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাঁরা যাত্রী সেজে অটোরিকশাচালকদের অজ্ঞান করে যানবাহন ছিনতাই করত বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত