
টানা চার দিনের থেমে থেমে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের অন্তত ১৫টি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় যানজটের কারণে ভোগান্তি আরও বেড়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, নিম্নচাপটি এখনো বঙ্গোপসাগরে অবস্থান করায় এই বৃষ্টিপাতের ধারা আরও দু-এক দিন অব্যাহত থাকবে। এ সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার থেকে বেড়ে যায়। আজ ভোর থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। বিকেল পর্যন্ত থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল।
বৃষ্টির পানি নালা দিয়ে নামতে না পারায় নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, পতেঙ্গা, কাট্টলীর ঈশান মহাজন সড়ক, হালিশহরের কে ও এল ব্লকের সোনালি আবাসিক, বসুন্ধরা আবাসিক, রামপুর, ছোটপুল, আনন্দপুর ও এক্সেস রোড এলাকায় বাসাবাড়ি ও সড়ক হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়।
উত্তর ও দক্ষিণাংশের চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, চান্দগাঁও ফরিদার পাড়া ও মোহরা এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। পানির ওপর দিয়ে রিকশায় যাত্রী পারাপার করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী এবং নগরের হালিশহরের বাসিন্দা আবু বকর ছিদ্দিক বলেন, `হালিশহর ছোটপুল পুলিশ লাইনের সামনে যে বড় নালা আছে সেই নালা দিয়ে পানি নামতে পারছিল না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, `নগরের ভেতরে শুধু কাতালগঞ্জ ও আশপাশে কিছু পানি উঠেছিল। তবে বহদ্দারহাট, প্রবর্তক, মুরাদপুরসহ কয়েকটি এলাকায় যেখানে নিয়মিত জলাবদ্ধতা হতো সেখানে এবার কোনো পানি ওঠেনি।’
প্রণব কুমার শর্মা আরও বলেন, `চান্দগাঁও মোহরা, সিটি করপোরেশনের ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড ও ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ডের কিছু এলাকায় পানি উঠেছে। এত পরিমাণের বৃষ্টিপাত হয়েছে যে, সেসব এলাকায় বড় বড় নালাগুলো পানি উপচে পড়েছে।’ তিনি বলেন, `কদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে সকালে জোয়ারও যুক্ত হয়েছে। এ কারণে এসব এলাকায় পানি জমেছে। তবে নালা ও খাল পরিষ্কার থাকায় পানি দ্রুত নেমে যাচ্ছে। সকাল থেকে জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।’
আগ্রাবাদে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত আবুল হোসেন বলেন, `সকাল থেকে হাঁটুসমান পানি জমে আছে। পানির কারণে অফিসে যেতে বেগ পেতে হয়েছে।’
এদিকে চট্টগ্রাম নগরের ষোলোশহর রেলস্টেশন ও জানালীহাটের মাঝখানে রেললাইনের ওপর পানি জমায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়ে যেতে পারেনি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছাড়ার পর ১২টা ৪০ মিনিটে হাজারখানের যাত্রী নিয়ে ট্রেনটি ষোলোশহর রেলস্টেশনে আটকা পড়ে।

টানা বৃষ্টি ও জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধিতে ঝালকাঠির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কৃষিজমি, আমনের বীজতলা ও গ্রামীণ সড়ক। ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাভাবিক চলাচল। বিষখালী নদীর চর ভাটারকান্দা এলাকায় নতুন করে নদীভাঙনের শঙ্কাও দেখা দিয়েছে।
২ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের নবাগত পরিচালক এস এম মনিরুজ্জামান সোমবার যোগদান করে মঙ্গলবার সকালে ঢাকায় যান। কিন্তু আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিএনপি পরিচয়ধারী একদল চিকিৎসক ও শিক্ষার্থী। নগরের ব্রাউন কম্পাউন্ড বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে
৩৭ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মনপুরার পাঁচ ইউনিয়নের গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগে