Ajker Patrika

শাশুড়ির সামনে চড়, ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
শাশুড়ির সামনে চড়, ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা
পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে নিহত মহুবার রহমানের বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় দেওয়ায় বাবার বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)। তিনি ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, তিন মাস আগে বিয়ে করেন হাসানুর রহমান। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান। ফলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের সম্পর্কে টানাপোড়েন চলছিল।

শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে আসেন। তবে জামাই হাসানুর তাঁদের ঘরে বসতে কিংবা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে পারিবারিক বাগ্বিতণ্ডা শুরু হলে বাবা মহুবার রহমান ছেলেকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান জানাতে এবং তাঁদের সঙ্গে নিয়ে ভাত খেতে।

হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে মহুবার রহমান ক্ষুব্ধ হয়ে তাকে একটি চড় মারেন। শাশুড়ির সামনে বাবার হাতে চড় খাওয়ার ঘটনা মেনে নিতে না পেরে হাসানুর ঘরে থাকা একটি ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্বজনরা মহুবার রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত হাসানুর এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, হাসানুর দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকসেবী এবং এলাকাতেও তাঁর আচরণ উচ্ছৃঙ্খল।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর পলাতক রয়েছে এবং তাকে আটকে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত