Ajker Patrika

জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩১
জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে জয়পুরহাটের আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৭) ও জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৭)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজেদা ইসলাম সাজু (৩৭) জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়ে আরিফাকে নিয়ে বসবাস করতেন। তাঁর স্বামী হাফিজুল ইসলাম সিলেটসহ জেলার বাইরে চাকরি করতেন। মেয়ের পড়াশোনার সূত্রে স্থানীয় একটি বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজুর পরিচয় হয়।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর মেয়ের এসএসসি পরীক্ষা চলাকালে সাজু বাসায় একা ছিলেন। এ সময় আবু সাঈদ ও রাব্বী হোসেন ওই বাসায় যান। একপর্যায়ে সাজুকে শ্বাসরোধে হত্যা করে তাঁরা পালিয়ে যান। পরে পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঝেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত সাজুর স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আবু সাঈদ ও রাব্বী হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাঁরা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি নূর-ই-আলম সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের মাধ্যমে নিহত সাজুর পরিবার ন্যায়বিচার পেয়েছে।

উল্লেখ্য, মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন রফিকুল ইসলাম তালুকদার তরুণ ও মামুনুর রশীদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত