পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইন পার হতে গিয়ে ওই বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। তবে নিহত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি।









