
অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় মাগুরায় এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাগুরা সদর থানায় করা জিডিতে শিমুল রানা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি অভিযোগের বিষয়ে তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী মো. রেজাউল ইসলাম পিৎজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি। এ সময় অভিযোগের বিষয়ে তথ্য বা বক্তব্য দেওয়ার পরিবর্তে রেজাউল ইসলাম তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে পা কেটে নেওয়া ও মামলা দেওয়ার হুমকি দেন বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক শিমুল রানা বলেন, ‘একটি অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্যই ফোন করেছিলাম। আমি কোনো ধরনের ব্যক্তিগত কথা বলিনি। কিন্তু তিনি অভিযোগের বিষয়ে কোনো তথ্য না দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমনকি পা কেটে নেওয়া ও মামলা দেওয়ার হুমকিও দেন। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ঘটনার একটি অডিও রেকর্ড সাংবাদিকদের কাছে রয়েছে বলেও জানান তিনি।
অডিওটি শুনেছেন এমন কয়েকজন সাংবাদিক জানান, কথোপকথনে সাংবাদিককে অশালীন ভাষায় কথা বলার বিষয়টি শোনা যায়।
আরটিভি ও আমাদের সময়ের মাগুরা জেলা প্রতিনিধি মোখলেসুর রহমান বলেন, ‘একজন সাংবাদিক তাঁর পেশাগত দায়িত্বের অংশ হিসেবে যেকোনো বিষয়ে তথ্য জানতে চাইতেই পারেন। তথ্য চাওয়ার কারণে তাঁকে হুমকি বা গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সাংবাদিক পরিবারের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর মাগুরা প্রতিনিধি বলেন, ‘একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের ভাষায় কথা বলা কোনোভাবেই কাম্য নয়। তিনি তাঁর দায়িত্বের অংশ হিসেবে তথ্য জানতে পারেন। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।’
স্টার নিউজের মাগুরা প্রতিনিধি মো. ইউনুস আলী বলেন, ‘ঘটনাটি নিন্দনীয়। আমি অডিও রেকর্ডটি শুনেছি। সেখানে অত্যন্ত অশালীন ভাষায় কথা বলার বিষয়টি শোনা যায়। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত মো. রেজাউল ইসলাম পিৎজা বলেন, ‘ওই সাংবাদিকের বাড়ি আমার এলাকায়। ওনি এইগুলো কেন করতেছে জানি না। ওনাকে বিএনপির সব নেতারা ফোন করেছে। তারপরও সে থামতেছে না। কল রেকর্ডের বিষয়ে তিনি বলেন, ‘এটা এআই দিয়ে তৈরী করা। ওই সাংবাদিকের সঙ্গে আমার কোন কথা হয়নি।’
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম বলেন, ‘অডিও রেকর্ডটি আমরা শুনেছি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেছারাবাদে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
৫ মিনিট আগে
রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
৯ মিনিট আগে
খাতায় থাকা মোবাইল নম্বরে ফোন করে এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষকের বাসায় ডেকে নিয়ে আবার খাতা লেখানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পরই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন....
১১ মিনিট আগে