
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত। আজ সোমবার (৫ অক্টোবর) বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
শাজাহান খান ও আসিবুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বাদশাহ জামিন চেয়ে আবেদন করেন। আদালত ১৫ অক্টোবর জামিন শুনানির দিন ধার্য করেন।
মামলাটিতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। দুদক তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত আগামী ২৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়, আয়করদাতা হওয়া সত্ত্বেও আসিবুর রহমানের নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধানে তাঁর গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকা। অভিযোগ অনুযায়ী, তাঁর নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
মামলার অভিযোগে আরও বলা হয়, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থ দিয়ে ছেলে আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন শাজাহান খান।
দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মামলাটি করেন।
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে দুজন কারাগারে রয়েছেন। এ সময়ের মধ্যে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যুতায়িত টিনের বেড়ায় স্পর্শ লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিনোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকসেবীদের মাদক ছাড়াতে সামাজিক চাপ তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। মাদক সেবন অব্যাহত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর কথা বলেন বক্তারা। আবুতোরাব বাজারের কর্মসূচিতে অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়।
৫ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
৯ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
২৪ মিনিট আগে