Ajker Patrika

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ থেকে শিক্ষার্থীবাহী বাস ভাঙচুর, ছত্রভঙ্গ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সাভার
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ থেকে শিক্ষার্থীবাহী বাস ভাঙচুর, ছত্রভঙ্গ করল পুলিশ
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে ছুটছেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের একাংশ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন।

আজ সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন—সিরাতুব, রেখা ও সুইটি। তাঁরা তিনজনই নিউ এজ গ্রুপের অপারেটর। তাঁদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁরা আশঙ্কামুক্ত।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে নিউ এজ গ্রুপের কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন। পরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন তাঁরা। সকাল পৌনে ১০টার দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় তাঁদের একটি অংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা স্লোগান দেওয়ার সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ বাসটির কাচ ভাঙচুর করেন। তাঁরা পাশের আল-মুসলিম অ্যাপারেলস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা করেন।

আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে ছুটছেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে ছুটছেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন।

উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এজ গ্রুপের পাশের অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও সাধারণ ছুটি ঘোষণা করে। পরে এসব কারখানার শ্রমিকেরাও কর্মস্থল ছেড়ে চলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকেরা যে যাঁর মতো বাসায় চলে গেছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে ছুটছেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে ছুটছেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত