Ajker Patrika

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়ল গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়ল গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা
আজ ভোররাতে যশোর-চুকনগর সড়কের আলতাপোল চারমাথা এলাকায় বসতবাড়িতে ঢুকে পড়ে গ্যাসবাহী ট্যাংকার। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসবাহী ট্যাংকার সড়কের পাশের বসতবাড়িতে ঢুকে পড়েছে। বৃহস্পতিবার ভোররাতে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাড়ির বাথরুমসহ ভবনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দুর্ঘটনায় ট্যাংকারের চালক ও হেলপার আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসবাহী ট্যাংকারটি ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। ভোরে আলতাপোল চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্যাংকারটি সড়কের পাশে স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির বাথরুমের ভবন ভেঙে ট্যাংকারটি ভেতরে ঢুকে পড়ে। পরে পাশের আরেকটি বাড়ির একটি অংশেও আঘাত লাগে।

আজ ভোররাতে যশোর-চুকনগর সড়কের আলতাপোল চারমাথা এলাকায় বসতবাড়িতে ঢুকে পড়ে গ্যাসবাহী ট্যাংকার। ছবি: সংগৃহীত
আজ ভোররাতে যশোর-চুকনগর সড়কের আলতাপোল চারমাথা এলাকায় বসতবাড়িতে ঢুকে পড়ে গ্যাসবাহী ট্যাংকার। ছবি: সংগৃহীত

বাড়ির মালিক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা সবাই ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বাইরে এসে তাঁরা দেখতে পান, একটি গ্যাসবাহী ট্যাংকার তাঁদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এতে বাথরুমসহ বাড়ির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বড় দুর্ঘটনার পরও পরিবারের কারও কোনো ক্ষতি না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

পাশের বাড়ির মালিক কওসার জানান, ট্যাংকারের ধাক্কায় তাঁর বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকারের গ্লাসও ভেঙে গেছে। গভীর রাতে হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত সম্পদের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও কারও প্রাণহানি ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত