মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব যশোরের মনিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামের বায়েজিদ হোসেনের ছেলে। তিন বছর ধরে তিনি মালয়েশিয়ার শাহ আলম শহরে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করছিলেন।
বিপ্লবের বাবা বায়েজিদ হোসেন বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে বিপ্লব বড়। তিন বছর ধরে সে মালয়েশিয়ার শাহ আলমে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করত। পাশাপাশি সে সেখানে একটি বহুতল ভবনের নয়তলায় বসবাস করত। গতকাল বিকেলে বিপ্লব বাসায় ছিল। সেখান থেকে নিচে পড়ে সে মারা গেছে।’
পরিবারের সদস্যরা নিশ্চিত নন, কীভাবে নয়তলা থেকে নিচে পড়েছেন বিপ্লব। এ ঘটনায় তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।









