Ajker Patrika

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ আবদুর রহিম (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এ নিয়ে দুজনের মৃত্যু হলো।

মৃত আবদুর রহিম কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা হাউজিং মাঠ এলাকার বাসিন্দা। তিনি বিস্ফোরণ হওয়া গ্যাস পাম্পটির পাশের একটি গ্যারেজের মালিক। এর আগে গত রোববার একই অগ্নিকাণ্ডে দগ্ধ আবু তাহের (৫২) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়। তিনি কক্সবাজার শহরের কলাতলীর বাসিন্দা। আজ সকালে আবু তাহেরের জানাজা সম্পন্ন হয়েছে।

আবদুর রহিমের ভাই নুর আহমদ জানান, ঢাকায় ময়নাতদন্তের পর আবদুর রহিমের লাশ বাড়িতে নেওয়া হবে।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে শহরের কলাতলী বাইপাস সড়কের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ নামে একটি নবনির্মিত গ্যাস পাম্পে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গ্যাস পাম্পের পাশের চারটি বাড়ি, একটি গ্যারেজে রাখা ৩০টি গাড়ি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে ৯ জন দগ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আবু তাহের ও আবদুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

এ ঘটনায় গত রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানায় গ্যাস পাম্পের মালিক নুরুল আলমের বিরুদ্ধে একটি মামলা করেন বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন।

মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযোগ উঠেছে, উদ্বোধনের এক দিন পর অগ্নিকাণ্ড ঘটা এই এলপিজি পাম্পটি জেলা প্রশাসনের অনাপত্তিপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। এ ঘটনা তদন্ত এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত